Ticker

6/recent/ticker-posts

Ad Code

Radhuni Tandoori Chicken

সুন্দরবনে দস্যু তৎপরতা বৃদ্ধি: জেলে অপহরণ, মুক্তিপণ দাবি ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে


সাতক্ষীরা প্রতিনিধি |বাংলা নিউজ সেন্টার

সুন্দরবনের অভ্যন্তরে মাছ ধরতে গিয়ে এক জেলেকে অপহরণের অভিযোগ উঠেছে কুখ্যাত ‘নানা ভাই বাহিনী’র বিরুদ্ধে। ঘটনার পরপরই জেলে পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের ৯ নম্বর সোরা গ্রামের এক জেলে শনিবার (২৮ মার্চ) বিকেলে সুন্দরবনের কালাগাছিয়া অফিস সংলগ্ন বাদুরঝুলি খাল এলাকায় মাছ শিকার করছিলেন। এসময় হঠাৎ করে অস্ত্রধারী একদল দস্যু তাকে জিম্মি করে নিয়ে যায়।

অভিযোগ রয়েছে, অপহরণের কিছুক্ষণ পরই দস্যু চক্রটি ভুক্তভোগীর পরিবারের সঙ্গে যোগাযোগ করে এক লাখ টাকা মুক্তিপণ দাবি করে। নির্ধারিত সময়ের মধ্যে টাকা পরিশোধ না করলে জেলেকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে বলেও পরিবারের সদস্যরা জানিয়েছেন।

এ ঘটনায় এখনো পর্যন্ত বন বিভাগ কিংবা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি। তবে স্থানীয়রা বলছেন, সুন্দরবনের অভ্যন্তরে দস্যু তৎপরতা আগের তুলনায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে।

সংশ্লিষ্টরা মনে করছেন, সুন্দরবনে নিয়মিত টহল জোরদার এবং দস্যু দমনে সমন্বিত ও কার্যকর অভিযান পরিচালনা না হলে এ ধরনের অপহরণসহ অপরাধমূলক কর্মকাণ্ড আরও বৃদ্ধি পেতে পারে।

Post a Comment

0 Comments